ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফলাফল আজ প্রকাশ করা হবে। একইসঙ্গে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করবে সবগুলো শিক্ষা বোর্ড।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। তারপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

এবার দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধাক্রম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। যার একটি ট্যালেন্টপুল, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এ মেধাক্রম করা হবে।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর। গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হয়েছিল এই পরীক্ষা।  এতে অংশ নিয়েছিলেন প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা।

এবার দুইভাবে পরীক্ষার ফল দেখতে পারবে শিক্ষার্থীরা।

অনলাইন পদ্ধতি: শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখতে পাবেন।

এসএমএস পদ্ধতি: এছাড়া শিক্ষার্থীরা চাইলে তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ফলাফল দেখতে পাবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি