টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
প্রকাশিত : ১৮:৫২, ৭ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে মো. আরিফ ও মো. রুবেল নামের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ৩ বছর কারাভোগ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আরিফ মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং রুবেল একই এলাকার আয়নালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মো. রোকুনুজ্জামান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে ওই নারী নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে স্থানীয় একটি পুকুর পাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে আসামিরা ভুক্তভোগীকে পাশের একটি কাচারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে এবং রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
এই ঘটনার পরদিন সকালে নির্যাতিতা নারী নিজেই বাদী হয়ে মধুপুর থানায় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত পাওয়ায় এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।
এমএইচ
আরও পড়ুন










