ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৮, ৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীদের রেডিওথেরাপি নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এই সংকট নিরসনে চলতি অর্থবছরের মধ্যেই ১৭টি লিনিয়ার এক্সিলারেটর বা রেডিওথেরাপি মেশিন স্বাস্থ্য খাতে সংযোজন করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন,  ১৭টি নতুন মেশিনের মধ্যে ৬টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকি ১১টি ঢাকার বাইরে বিভিন্ন জেলা স্তরের হাসপাতালে স্থাপন করা হবে। 

এর ফলে ঢাকার বাইরের ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে। ইতোমধ্যেই এই কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে বিগত সরকারের সময় কেনা রেডিওথেরাপি মেশিনের অনিয়ম তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বিগত সময়ে ১১ কোটি টাকার মেশিন ১৮ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল এবং বর্তমানে তার মধ্যে ফরিদপুর ও গোপালগঞ্জের মেশিন দুটি নষ্ট হয়ে পড়ে আছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি স্থানে সফলভাবে রেডিওথেরাপি চালু করেছে, যার মধ্যে ক্যানসার হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সাভারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের থেকে টেকওভার করা একটি মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। 

এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশে রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং চাহিদার ১০টি মেশিনের মধ্যে ৫টি চলতি বছরই নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে জন্মহার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী বছরব্যাপী একটি বৃহৎ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। ‘দুইয়ের বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন কেবল সচেতনতা বৃদ্ধিই নয়, বরং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাঠপর্যায়ে শক্তিশালী কার্যক্রম পরিচালনা করা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি