ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি
প্রকাশিত : ১৩:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানী ঢাকার সাত সরকারি কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্তের প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
এতে বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে রোববার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিষয়টি আজ সোমবার গণমাধ্যমকে জানান আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম।
অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনকল্পে প্রণীত এ অধ্যাদেশ। আধুনিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান উপযোগী একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এর মাধ্যমে ঢাকা মহানগরের সাতটি কলেজকেন্দ্রিক (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা, সনদায়নসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত সমীচীন।
এই অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, এই সাতটি কলেজই এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাডেমিক হয়রানির অভিযোগ তুলে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
এএইচ
আরও পড়ুন










