ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

ঢাকাসহ ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:০৪, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকাসহ দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলেছে, ‘আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে যে, ‘আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুন:) ০২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল সমূহের উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি