ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ১৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে। গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে। 

বৈঠকে আরও জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুন মাসের শেষে পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হবে। 

কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (১৯ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যগণ তাদের মতামত দেন। 

এ ছাড়া, বৈঠকে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দলের সদস্যদের পরামর্শ লিখিত আকারে কমিটির কাছে দেওয়ার আহ্বান জানানো হয়।

কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট জমা দেবে।

কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজাম), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে গৃহীত প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা/গাইডলাইন ও বর্তমান চিত্র নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। 

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি