ঢাকা, রবিবার   ০৭ জুন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৭ জুন ২০২৬ | আপডেট: ১৬:১৭, ৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারেরও প্রথম বাজেট অধিবেশন।

রোববার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বৈঠকের শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁরা হলেন—সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।

এরপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে।

একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হবে। জ্বালানি বিষয়ে উত্থাপিত প্রস্তাবিত মোকাবিলার করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এই অধিবেশনে আগামী ১১ জুন পরবর্তী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি