ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

দফায় দফায় সংঘর্ষ, নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০৭, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে সোমবার মধ্যরাতে শুরু হওয়া মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ মোট ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। এসময় একজন বহিরাগতকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ ছাত্রদলের এক গ্রুপের আক্রমণে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি