ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৯, ২৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৫৬ মিনিটে দালিয়ান থেকে তিনি বুলেট ট্রেনে করে বেইজিং রওনা হন।

প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।

এর আগে দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়।

সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য দেন।

এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া সেশনের বিরতিতে বিশ্বনেতারা একটি ফটোসেশনে অংশ নেন।

গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি