নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো মুহূর্তে ঘোষণা: মুখ্য সচিব
প্রকাশিত : ১৫:৩২, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০১, ১৬ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।’
চলতি অর্থবছর থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল দেওয়া হয়। গত সরকার ১১ বছরেও পে স্কেল বাস্তবায়ন করেনি। যার ফলে এই ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী আমরা চাপের মধ্যে আছি।’
তিনি বলেন, ‘এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন তো বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে। কিন্তু এ তো ঠিক যে, কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয়, সেটা দাবি করে। এজন্য এটা ধারাবাহিকতা, পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হওয়ার কথা। কিন্তু আজকে প্রায় ১২ বছর হয়ে যাচ্ছে।’
বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট আটবার পে-স্কেল ঘোষণা করা হয়েছে। যার সর্বশেষটি হয়েছিল ২০১৫ সালে।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে নানা আলোচনা থাকলেও এখন পর্যন্ত সরকারের কাছ থেকে ঘোষণা আসেনি।
এএইচ
আরও পড়ুন










