ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরতে সপ্তাহব্যাপী কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৪৪, ২৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান জনসাধারণের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক সাহিদুর রহমান (সাহিদ) এবং সাংবাদিক শাহেদ শফিক।

এ জন্য প্রাথমিকভাবে রংপুর বিভাগকে বেছে নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, মাদরাসা, লাইব্রেরিসহ নানা প্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ বইটি বিতরণ করা হবে। বইটিতে নারী শিক্ষা সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান স্বচিত্র তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চার বছরের বেশি সময় ধরে অনুসন্ধান করে বইটি লিখেছেন তিনি। গত বছরের নভেম্বর মাসে জিনিয়াস পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশিত হয়।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে আইনজীবী সাহিদুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার তার অবদানগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মকে তা জানতে দেওয়া হয়নি। সে কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “সাংবাদিক শাহেদ শফিকের লেখা এই বইটি আমি পড়েছি। এতে নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাই বইটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া উচিত। সে উদ্দেশ্যেই ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। আশা করি, পর্যায়ক্রমে সারা দেশের মানুষের কাছে আমরা এসব তথ্য পৌঁছে দিতে পারব।”

বইটির বিষয়ে লেখক শাহেদ শফিক জানান, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তিনি বইটি লিখেছেন। বইটিতে নারী শিক্ষা সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তার এসব উদ্যোগকে মডেল হিসেবে অনুসরণ করেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি