পদোন্নতির দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা ববি শিক্ষকদের
প্রকাশিত : ২১:৪১, ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পদোন্নতি ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমাজ ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছে।
সোমবার (২০ এপ্রিল) শিক্ষক সমাজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ২১ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। দাবি পূরণ না হলে ২২ এপ্রিল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব থেকেও বিরত থাকবেন শিক্ষকরা।
এর আগে একই দাবিতে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ২৪ ঘণ্টার অনশন শেষে সোমবার সন্ধ্যায় (২০ এপ্রিল) শিক্ষকদের দাবির প্রেক্ষিতে আমরণ অনশন ভাঙেন।
প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, উপাচার্য পদোন্নতির বিষয়ে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একই সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পদোন্নতি পেলেও বরিশাল বিশ্ববিদ্যালয় পিছিয়ে রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী সিলেকশন বোর্ড গঠন করে পদোন্নতির প্রক্রিয়া শুরু করা হয়েছিল। পরবর্তীতে ইউজিসি অভিন্ন নীতিমালা অনুসরণের নির্দেশনা দেয়। বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং একাধিক সভাও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ইউজিসি চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষক সমাজের দাবি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সিন্ডিকেট অনুমোদিত বিধিমালা অনুযায়ী পদোন্নতি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে ইউজিসির সাম্প্রতিক নির্দেশনায় এ প্রক্রিয়া জটিলতায় পড়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট বিরাজ করছে। ২৫টি বিভাগের অনেকগুলোতেই মাত্র ৩-৪ জন শিক্ষক দিয়ে একাধিক ব্যাচে পাঠদান চলছে। ইউজিসি অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের ৫১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান শিক্ষক সমাজ। বিজ্ঞপ্তিতে ১০২ জন শিক্ষক স্বাক্ষরের মাধ্যমে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
এমআর//
আরও পড়ুন










