ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৯ নভেম্বর ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয়বারের মতো আজ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরির পরিমাণ লিখিতভাবে উপস্থাপন করবে।

আজ সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বোর্ডের সঙ্গে আরও দুই সদস্য যুক্ত হবেন।

এর আগে গত বুধবার মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়। ফলে ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে উত্তোলনের সময় নতুন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে পোশাকশ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সাধারণত প্রতি পাঁচ বছর পর মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করা হলেও গত ১০ এপ্রিল জাতীয় সংসদে শ্রম আইন সংশোধনের মাধ্যমে এ সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে।

ঐ.মিষ্টি //


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি