ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপের আবেদন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৭, ১০ মে ২০২৬ | আপডেট: ২৩:৫২, ১০ মে ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।

দেশের অভ্যন্তরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তিকৃত বা অধ্যয়নরত গবেষকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী গবেষকদের অনলাইনে (www.eservice.pmeat.gov.bd/phd) আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া ১০ মে থেকে শুরু হয়েছে, যা আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী গবেষকের সমগ্র শিক্ষাজীবনে ন্যূনতম দু’টি প্রথম বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে (৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০)। ফেলোশিপের জন্য আবেদন জমা দেওয়ার তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

অনলাইন আবেদনের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের কপি, বাংলা অথবা ইংরেজিতে গবেষণা প্রস্তাবনা এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণকৃত ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (২ সেট) আগামী ১১ জুন অফিস চলা সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯’ এই ঠিকানায় পাঠাতে হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসায় হটলাইন নম্বর ০১৭২৪ ৫৯৬৬৭৬ অথবা ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি