ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক, জানালেন আইনজীবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:০০, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলক ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এদিকে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে তারিখ ধার্য করেন। এদিন এ মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করেন যে তিনি প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিষয়টি আদালতের নজরে আনার উদ্দেশ্যে তিনি আইনজীবীকে আবেদন করার অনুরোধ জানান।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘তিনি জানিয়েছেন যে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত হয়েছেন। ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ কারণে চিকিৎসার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করতে বলেছেন। সেইসঙ্গে তার জন্য একটি নেকবেল্টের ব্যবস্থা করতে বলেছেন।’

এই আইনজীবী আরও বলেন, ‘তিনি যে আঘাতটি পেয়েছেন সেটি অতো গুরুতর নয়।’

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২২ এপ্রিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি