ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ল প্রাইভেটকার, মা-ছেলের মৃত্যু
প্রকাশিত : ১৯:৩৯, ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুর ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে মা ও তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)। নিহত দুজন সম্পর্কে মা ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থেকে প্রাইভেটকার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সুমির পরিবার। এসময় বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটিকে চাপা দিয়ে উপরে আছড়ে পড়লে এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ
আরও পড়ুন










