ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। এসএসএফ’র নিরাপত্তাবেষ্টনী গাড়িবহর নিয়ে সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান তিনি।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন তিনি। 

পরে পরিবার নিয়ে বিকাল ৩টার কিছুক্ষণ আগে গুলশানের বাসভবনে পৌঁছান মো. সাহাবুদ্দিন চুপ্পু।

এদিন বঙ্গভবনের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরের দিকে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তাবেষ্টনীতে সরকারি গাড়িবহর নিয়ে বেরিয়ে যান সদ্য  পদত্যাগকারী রাষ্ট্রপতি।

এর আগে শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।

তারও আগে শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।

সংবিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি