বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:০৪, ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'স্কুল অব ল' এর অধীনে মুট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত A Workshop on Moot Cout Competition: Memorial writing, Legal Research and Oral Advocacy শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
মেমোরিয়াল রাইটিং, লিগ্যাল রিসার্চ এন্ড ওরাল এডভোকেসির উপর উক্ত ওয়ার্কশপে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক শর্মিষ্ঠা বণিক। যিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ও প্রশংসা কুড়িয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই 'স্কুল অব ল' এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী তার বক্তব্যে বলেন, ম্যুটিং আইন অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; মুট কোর্ট একজন শিক্ষার্থীকে ভালো আইনজীবী হতে সহযোগিতা করবে।
এ সময় তিনি তাত্ত্বিক আইন ও আদালতের অনুশীলনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে মুট কোর্টের ভূমিকার উপর আলোকপাত করেন। মুট কোর্ট সোসাইটি গঠন করার পেছনে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতে জাতীয় পর্যায়ে মুট কোর্ট প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং তাদের সাফল্য কামনা করেন।
উক্ত কর্মশালায় মুখ্য আলোচক শর্মিষ্ঠা বণিক তার গোটা আলোচনায় মুট কোর্টের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, মুট করার মাধ্যমে একজন শিক্ষার্থী একাডেমিক ভাবে অনেক দিক থেকে এগিয়ে থাকবেন। নিজের প্রতি আত্নবিশ্বাস বাড়াতে এবং বাস্তবিক জীবনে অভিজ্ঞতা অর্জনে সহযোগিতা করবে। একজন ভালো মুটার হতে হলে ভালো ভাবে রিসার্চ করতে হবে এবং ভালো আর্গুমেন্ট জানতে হবে। কাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। মুট টিমের মধ্যে সব সময় সহযোগিতার মনোভাব থাকতে হবে।
মুট কোর্ট সোসাইটির কো-অর্ডিনেটর 'স্কুল অব ল' এর প্রভাষক সজল আহমেদ তার সমাপনী বক্তব্য বলেন, মুট কোর্ট সোসাইটি শিক্ষার্থীদের নতুন নতুন কিছু শেখার সুযোগ করে দিবে।
তিনি মুটের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং নিয়মিত সেশনে অংশগ্রহণ করার তাগিদ দেন। আগামীতে দুই-তিনটা মুট কোর্ট প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে অংশ এবং একাধিক টিম গঠন করার পরিকল্পনার কথা জানান।
তিনি আরো বলেন, আমরা অনেক সৌভাগ্যবান যে, আজকের এই কর্মশালায় এ রকম একজন মেধাবী মানুষকে মুখ্য আলোচক হিসেবে পেয়েছি।
উক্ত মুট কোর্টে 'স্কুল অব ল' এর প্রভাষক রিচিমনি প্রমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৯ম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান। বিভিন্ন ব্যাচের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মুট কোর্ট কর্মশালায় অংশ নেন।
মুখ্য আলোচক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এএইচ
আরও পড়ুন










