ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬

বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) ঘিরে সংসদ ভবনসহ আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ জুন)  ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি–শৃঙ্খলা রক্ষার স্বার্থে শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর, পান্থপথ–ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি–১৬, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব এলাকার অন্তর্ভুক্ত সব সড়ক ও গলিপথ। দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি