ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬

বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজার সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ১২ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)-এর নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দেশের এভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় বাটজার নেতৃবৃন্দ এভিয়েশন ও পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের কার্যকর ভূমিকা এবং তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যাত্রীসেবার মানোন্নয়ন, বিমানের বহর সম্প্রসারণ এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে কথা হয়।

মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে, ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, যাত্রীচাহিদা ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণ বিবেচনায় বিমান বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।

সভায় বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ ও সদস্য শাহাদাত হোসেনসহ চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি