ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আটক
প্রকাশিত : ০৯:১১, ২৫ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।
আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তাওহীদ কার্যক্রম নিষিদ্ধ টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, বিকালে তাওহীদুল ইসলাম বুখারী ভ্রমণ ভিসায় ভারতের যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসেন। কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলার তথ্য উঠে আসে।
দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এএইচ
আরও পড়ুন










