মশিয়ার হত্যায় গ্রেপ্তার সাবেক ওসি বিপ্লব কুমার ও এসআই ইসমাইলকে জেলে প্রেরণ
প্রকাশিত : ০৯:১৩, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:১৬, ২৯ অক্টোবর ২০২৬
মাগুরার বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় এজারভুক্ত আসামি বহুল আলোচিত সাবেক শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সন্ধ্যায় আসামিদেরকে মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বর্ণালী রানী তাদের জামিন না মঞ্জুর করে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মশিয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোঃ কামরুজ্জামান জানান, মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি বাড়ি থেকে ধরে নিয়ে তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেন গুলি করে তাকে হত্যা করে।
হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে মশিয়ার রহমানকে প্রধান আসামি করে মিথ্যা মামলা দেখিয়ে ওই হত্যাকাণ্ডটি ক্রসফায়ার হিসেবে শালিখা থানায় মামলা রুজু করা হয়।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিহত বিএনপি নেতা মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে সাবেক ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেনসহ অনেকের নাম উল্লেখ করে আদালতে ২০২৪ সালের ১ অক্টোবর হত্যা মামলা দাখিল করলে আদালত মামলাটি এজারভুক্ত করতে শালিখা থানাকে নির্দেশ প্রদান করেন।
এই মামলায় এজারভুক্ত আসামি হিসাবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে মাগুরায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা দাবি করেন।
ফ্যাসিস্ট সরকারের আমলে ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেন মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েক শত কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।
এএইচ
আরও পড়ুন










