মাদক সেবনের ভিডিও ভাইরাল সেই সাকিব পাটোয়ারী ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক
প্রকাশিত : ২৩:১১, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৪, ১১ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন মোঃ সাকিব পাটোয়ারী। তবে এই কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বে ভাইরাল হওয়া তার মাদক সেবনের একটি ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রামগঞ্জ সরকারি কলেজ শাখার এই নতুন কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি এবং মোঃ সাকিব পাটোয়ারীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি জে. এ. আহমেদ রিয়াদ, সহ-সভাপতি ফজলে রাব্বি তামিম, রহমান রাফি, মোঃ ফিরোজ আলম ও মাসুম হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাসান মাহমুদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফাহিম হোসেন ও হৃদয় পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এম. এ. হাসনাত সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক সিহাব আলী প্রিন্স, ছাত্রী বিষয়ক সম্পাদক সিফাত জাহান, দপ্তর সম্পাদক জিজান হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে সিহাব মিজি দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মাধ্যমে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা প্রত্যাশা করলেও, সাধারণ সম্পাদক পদে মোঃ সাকিব পাটোয়ারীর মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর থেকে ‘রামগঞ্জ খবর প্রতিদিন’সহ স্থানীয় বিভিন্ন ফেসবুক গ্রুপে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটি সাকিব পাটোয়ারী এবং তিনি মাদক (ইয়াবা) সেবন করছেন।
অক্টোবরের শেষ দিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এ ছাড়া ভাইরাল হওয়া এই অভিযোগের বিষয়ে সাকিব পাটোয়ারীর কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে, ভিডিওর বিষয়টি অমীমাংসিত থাকা অবস্থাতেই নতুন কমিটিতে তাকে সাধারণ সম্পাদক করায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, ছাত্ররাজনীতির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ থাকলে তা সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন, অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছায়।
এমএইচ
আরও পড়ুন










