মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা মাউশির
প্রকাশিত : ১৫:২৫, ২৩ এপ্রিল ২০২৬
দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আগামী ২ মে থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শ্রেণিতে পাঠদান চলাকালীন নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে।
মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে অনুমোদিত ব্যানার প্রদর্শন এবং নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
আদেশে উল্লেখ করা হয়, ২ মে বেলা ৩টায় সিলেট থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়েই সারাদেশে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এএইচ
আরও পড়ুন










