মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা
প্রকাশিত : ২০:১০, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৯, ২৪ অক্টোবর ২০২৬
ক্যানসারে আক্রান্ত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই অভিনেত্রী চলে গেলেন মৃত্যুর দেশে।
জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল। ২০ অক্টোবর করা হয় অস্ত্রোপচার। এর পর দুদিন তুলনার অবস্থা ভালোই ছিল। পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর আর তাকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন।
তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।
এএইচ










