ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৩১, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি।’

বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে জাতীয় সংসদকে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, গতকাল মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে কথা হয়েছে। এখানে বিরোধীদলের মধ্যেও মুক্তিযোদ্ধা আছেন। সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না ধারণ করি। এখানে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধা বলা হয় এবং তারপরে নামটা বলা হয়, তাহলে মনে হয় নতুন প্রজন্মও জানতে পারে। মুক্তিযোদ্ধাদেরও একটা সম্মান দেওয়া হয়। সংসদের ভেতরে যদি আমরা এটা চালু করি সংসদের বাইরেও এটা আমরা বলতে পারবো।

এ সময় স্পিকার বলেন, ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন এনেছে, সংসদও অনুমোদন দিয়েছে। মুক্তিযোদ্ধা তিনিই যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বাকিরা সবাই মুক্তিযোদ্ধা সহায়ক এই সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। এখানে ক’জন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আমার জানা নাই। তবে সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উহ্য থাকে তবুও যদি শিউর হই, কারও সম্পর্কে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করার বিধান করা হয়। তবে ২০২৪ সালে মুক্তি যোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহার বাতিলের প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি