ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মারুফ দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়ও কাজ শেষে তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বাইরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এর পরপরই ওয়াসা গেট এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরে স্বজনরা জানতে পারেন যে মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তার বুকের ডান পাশে গুলির আঘাত লেগেছিল।

নিহতের স্বজনদের দাবি, এলাকায় মারুফের কোনো শত্রু ছিল না। তিনি নিয়মিত কাজ করে সাধারণ জীবনযাপন করতেন। ফলে কারা এবং কী উদ্দেশ্যে তাকে এভাবে গুলি করে হত্যা করল, সে বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বুকের ডান পাশে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি