ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২০:১০, ২৬ জুলাই ২০২৬

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

Ekushey Television Ltd.

বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হবেন রাষ্ট্রপতি। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন।

এরপরই ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

এর আগে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান তিনি। 

পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তিনি। 

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

এএইচ

 

 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি