ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

রিসোর্টের আগুনে নিহতদের মধ্যে ৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ১৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। কাঠের তৈরি রিসোর্ট হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে তারা খবর পায়। পরে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রথমে ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে আরও ৪ জনের মরদেহ পাওয়া যায়, এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।

নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থী রয়েছে।

ফায়ার সার্ভিসের তালিকা অনুযায়ী নিহতরা হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা ও মিলিতা মেহেজাবিন আলভী, খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা, নাফিসতা মীম, চুয়াডাঙ্গার ফারিহা কবির ও ফায়িজান নূর, গোপালগঞ্জের জিহাদ হাওলাদার, মাদারীপুরের আকিবুল ইসলাম এবং সাভারের নাসরিন আক্তার মুক্তা।

অগ্নিকাণ্ডে দগ্ধসহ ৬ জনকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন ও তার স্ত্রী নাফিজা নেওয়াজ খানও রয়েছেন।

উখিয়ার ইউএনও পান্না আক্তার জানান, ওই পরিবারের ৯ সদস্য রিসোর্টে ছিলেন। এর মধ্যে ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীর মৃত্যুর খবর তার সহপাঠীরা ফেসবুকে শোক প্রকাশ করে জানিয়েছেন।

লায়লা জাহান নাবিলা নামে আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আর মিলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার মো. জাকারিয়া হাবিব।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি