ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

শিক্ষা মন্ত্রী/পিএস

শিক্ষামন্ত্রীর পিএস হলেন মাউশি পরিচালক অধ্যাপক ড. মইনুদ্দিন সোহেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) হিসেবে কর্মরত আছেন। একইসাথে তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের আহ্ববায়ক কমিটির  আহ্ববায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা পেশাজীবী মহলে একজন দক্ষ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। তিনি মাঠ পর্যায়ে সরকারি কলেজ থেকে শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা লাভ করেছেন বলেও জানা যায়।  

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দ্য মিনিস্টারস, মিনিস্টারস অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলাইজেস)অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ১৪.(১) মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে (পরিচিতি নম্বর: ০০০০৩১৭৪) শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা, যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হলো।

অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বর্ণিত কর্মকর্তা বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি