ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। যেখানে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবে।

এ সময় বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে ৫ জন সদস্যের নাম দেয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

তিনি জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে। বিরোধী দল যদি এই পাঁচজনের নাম দেয়, তাহলে মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল নাম দিলে পরদিনই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে।

এভাবে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। বিরোধী দল দ্রুত তালিকা দিলে কমিটি গঠনের প্রক্রিয়া এগোবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি