ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। 

এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রিত হিসেবে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি অংশ নেন।

বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা ধরা হয়েছে।

অন্যদিকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

বৈঠকের শুরুতে আগের ৩৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংসদ সচিবালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি