সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু
প্রকাশিত : ১৯:০৫, ১৩ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত চার সদস্যের একটি যৌথ তদন্ত দল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে।
জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত এই চার সদস্যের কমিটিতে কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের পর আজ (শুক্রবার) থেকেই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিটির সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং বিভিন্ন সরকারি সংস্থার কারিগরি সহায়তায় তদন্ত কাজ এগিয়ে চলছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি বিশেষ টিম মাঠে অভিযান পরিচালনা করছে।
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত মধ্যরাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পুরোনো পারিবারিক বাড়িতে আগুন লাগে। ভুক্তভোগী সংসদ সদস্য ও তার পরিবারের দাবি, পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এমএইচ
আরও পড়ুন










