সন্তানের নিথর দেহ দেখলেন কারাবন্দি মা
প্রকাশিত : ১৬:০৮, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৬, ২৮ নভেম্বর ২০২৬
সন্তানের নিথর দেহ শেষবারের মতো দেখতে বন্দী মায়ের ইচ্ছা পূরণ করেছে কারা কর্তৃপক্ষ। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বিশেষ ব্যবস্থায় মৃত সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান যুব মহিলা লীগের সাবেক নেত্রী শারমিন সুলতানা শর্মী।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয় ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তুর্যের মরদেহ। এ সময় কারা ফটকে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
পরিবার ও কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি এই কারাগারে বন্দী রয়েছেন।
এর মধ্যেই তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্য গতকাল রাত ১০টার দিকে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। কারাগারের ভেতরে সন্তানের মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন মা শারমিন সুলতানা।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মৃত সন্তানকে মায়ের শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। মানবিক বিবেচনায় কর্তৃপক্ষ আবেদনটি মঞ্জুর করলে কারা ফটকে বিশেষ নিরাপত্তায় মাকে তার সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
এমএইচ
আরও পড়ুন










