সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৭:১৪, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১৫, ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতির আশা করছেন তারা।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “গ্যাস যদি পর্যাপ্ত সরবরাহ না হয় তাহলে বিদ্যুতের সংকট হয়। তারপরও আমরা একটি কৌশল নিয়েছি। আশা করছি, আজ সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে”।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে এক কার্গো এলএনজি পাওয়ার আশা করছেন তারা।
“এটা একটি প্রক্রিয়ার ব্যাপার। সেটা নিয়ে কাজ করছি। আমাদের হাতে যত বিকল্প আছে সব নিয়েই কাজ করছি। আমরা সবার সাথে কথা বলেছি,” বলেছেন তিনি।
সরকার জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই- মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “সামিট টার্মিনালে এলএনজি ডিসচার্জ করা যাচ্ছে না। এক্সিলারেট টার্মিনাল থেকে এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো যায় না”।
প্রতিমন্ত্রীর দাবি, বিগত সরকারগুলো কোনো মধ্য ও দীর্ঘমেয়াদী সমাধান খোঁজেনি বলেই হঠাৎ করেই এই সংকট সামনে এসেছে।
প্রসঙ্গত, এলএনজি সরবরাহ কমে যাওয়া গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে সংকট চলছে দেশে। ফলে সারাদেশে লোডশেডিং অনেক বেড়ে গেছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মানুষের ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। এ কারণে আমরা বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ক্ষেত্রে কারও কিছু করার থাকে না। আমরা অসহায়, প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস করতে পারব এবং সেই ক্ষেত্রে গ্যাসের সরবরাহও স্বাভাবিক হবে।
এএইচ
আরও পড়ুন










