ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪৩, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পক্ষে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।

সংসদকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতির ওপর নির্ভর করে।

এসব প্রস্তুতির মধ্যে রয়েছে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা, আবহাওয়া পরিস্থিতি মূল্যায়ন, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় সংস্কার, এবং নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ।

মন্ত্রী আরও জানান, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আগে কমপক্ষে ৪৫ দিন সময় প্রয়োজন হয় প্রাক-প্রস্তুতির জন্য।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি