সাত বছরের প্রস্তুতি, বিশাল বাজেটের ‘রামায়ণ’ আসছে ডিসেম্বরে
প্রকাশিত : ১৬:৪৬, ১৯ অক্টোবর ২০২৬
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং চোখ ধাঁধানো দৃশ্যায়নের কারণে ছবিটি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে সীতার চরিত্রে সাই পল্লবী এবং রামের ভূমিকায় রণবীর কাপুরের উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বে নির্মিত এই সিনেমার মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এটি।
ছবিটি নির্মাণে আধুনিক প্রযুক্তি, বিশাল সেট এবং আন্তর্জাতিক পর্যায়ের কারিগরি দক্ষতা কাজে লাগানো হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত ট্রেলারে ছবির কয়েকটি দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে রাবণ ও জটায়ুর আকাশপথে সংঘর্ষ, আগুনের বৃত্তে শিবের আরাধনায় রাবণ এবং রাম ও পরশুরামের মুখোমুখি হওয়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ছবির ভিজ্যুয়াল, অ্যাকশন ও সংগীত নিয়েও দর্শকদের একাংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল। অন্যান্য চরিত্রেও রয়েছেন একাধিক পরিচিত অভিনয়শিল্পী।
সিনেমাটির সংগীত পরিচালনায় যুক্ত রয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হলিউডের বিখ্যাত সংগীত পরিচালক হ্যান্স জিমার। তাঁদের যৌথ কাজ ছবিটির অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযোজনায় রয়েছেন নমিত মালহোত্রা, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন যশ।
পরিচালক নিতেশ তিওয়ারির দীর্ঘদিনের পরিকল্পনায় তৈরি হচ্ছে এই মহাকাব্যিক সিনেমা। প্রকল্পটি বাস্তবায়নে তাঁর প্রায় সাত বছর সময় লেগেছে। বিশাল আয়োজন ও পৌরাণিক কাহিনির নতুন উপস্থাপনা নিয়ে নির্মাতাদের প্রত্যাশা, সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের আকৃষ্ট করবে।
তবে সিনেমাটি ডিসেম্বর মাসে প্রকাশিত হলেও মুক্তির তারিখ নিয়ে সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। তাই চূড়ান্ত মুক্তির তারিখ নিশ্চিত করতে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
ঐ.মিষ্টি//










