ঢাকা, শনিবার   ০২ মে ২০২৬

সিলেটে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণের উদ্বোধন প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২ মে ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।

শনিবার সকাল ১১টায় চাঁদনি ঘাটে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

এছাড়াও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন।

প্রধানমন্ত্রী এর আগে সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এর আগে তারেক রহমান সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাঁকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি