ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে নির্দেশনা বোর্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

চলমান এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত পৃথক দুটি সিলেবাসের প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে কেন্দ্র সচিবদের এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী এবারের পরীক্ষায় দুই ধরনের সিলেবাস অনুসরণ করা হচ্ছে। 

এর মধ্যে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন ও তার পূর্বের) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশনের) শিক্ষার্থীরা ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।

ঢাকা বোর্ডের আদেশে বলা হয়েছে, দুই ধরনের পরীক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশ্ন বিতরণের আগে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ও কোড যথাযথভাবে যাচাই করতে হবে। 

আদেশে আরও বলা হয়, কক্ষ পরিদর্শকদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য কেন্দ্রসচিবদেরকে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ভুল বা অসাবধানতা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শক সরাসরি দায়ী থাকবেন। দায়ীদের পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি