ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

সীমান্তে অনুপ্রবেশের দায়ে অস্ত্রসহ বিএসএফ জওয়ানকে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৯, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সিলেটের বিছানাকান্দি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে অস্ত্রসহ এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে।

‎আটককৃত বিএসএফ সদস্যকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ‎৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ।

‎বিজিবি জানায়, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল।

লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। 

জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাকে আটক করা হয়।

এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি