সোয়া ৩ ঘণ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ১৪:৪৮, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৫৬, ১৪ অক্টোবর ২০২৬
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের প্রায় সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
তিনি বলেন, ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির প্রচুর রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেকটাই বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, কেমিক্যাল, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনের কারণে এসব মালামাল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ কী, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টার ন্যাশনাল কারখানার আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনের ব্যাপকতা দেখে আরও ফায়ার স্টেশনের সহযোগিতা চাওয়া হয়।
পরে টঙ্গী ফায়ার স্টেশনসহ আশেপাশের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আগুনের চেষ্টা চালায়।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পর গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। তবে কারখানায় কোন মানুষ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কয়েক কর্মি অসুস্থ হয়ে পড়েন।
এএইচ
আরও পড়ুন










