ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

হলে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের প্রধান ফটকে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে আরিফুল হলের প্রধান ফটকের উপরে একটি ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

হলের আবাসিক শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে নগরীর অপর একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব এ বিষয়ে বলেন, ‘গুরুতর অবস্থায় তাকে মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়েছিল। এখানে আনার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে অপর একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে দুঃখজনকভাবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’

সহপাঠীরা জানান, আরিফুল একজন সক্রিয় ক্রীড়াবিদ ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি ৮০০ মিটার দৌড়ে প্রথম এবং ৫ হাজার মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। 

এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায়ও তিনি ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি