ঢাকা, রবিবার   ০৯ আগস্ট ২০২৬

হেফাজতের আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁকে স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ।

বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি