১ সপ্তাহে ৮ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব
প্রকাশিত : ২১:৩১, ২৫ অক্টোবর ২০২৬
সৌদি আরবে আকামা (রেসিডেন্সি), শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
একই সময়ে দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
গত ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে সাড়ে ছয় হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আকামা সংক্রান্ত, প্রায় পৌনে চার হাজার প্রবাসীর বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার এবং সাড়ে তিন হাজারের মতো প্রবাসীর বিরুদ্ধে কাজের নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জন এবং দেশ ছেড়ে পালানোর সময় আরও ২২ জনকে আটক করা হয়। অবৈধ প্রবাসীদের আশ্রয়, চাকরি বা যাতায়াতে সাহায্য করার অপরাধে গ্রেফতার করা হয়েছে আরও ২১ জনকে।
বর্তমানে প্রায় সাড়ে ৩৭ হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন। এর মধ্যে ট্রাভেল পারমিট বা পাসপোর্ট জোগাড় করার জন্য ২০ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। তবে এবার ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশের নাগরিক বা কোন দেশের নাগরিক কতজন, তা সুনির্দিষ্টভাবে জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
এদিকে অবৈধ অনুপ্রবেশকারী বা নিয়মভঙ্গকারীদের কোনো ধরনের সহায়তা না করার জন্য নাগরিক ও প্রবাসীদের কঠোরভাবে সতর্ক করেছে সৌদি আরব।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মভঙ্গকারীদের আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ করে দিলে সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করাসহ অপরাধীদের পরিচয় প্রকাশ করা হবে। এ ধরনের কোনো বেআইনি কার্যক্রম নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষ হটলাইন নম্বরও চালু করেছে দেশটি।
আরও পড়ুন










