ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

১৮ মন্ত্রীর পুলিশী এসকর্ট প্রত্যাহার, বহাল ৬ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে চলাচলকারী ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট বা বিশেষ পাহারা প্রত্যাহার করেছে সরকার। তবে সরকার নির্ধারিত ছয়জন মন্ত্রী এবং একজন উপদেষ্টা এই বিশেষ নিরাপত্তা সুবিধা বজায় রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১৮ মন্ত্রী কোনো পুলিশি প্রোটোকল ছাড়াই স্বাভাবিক যাতায়াত করবেন। তবে রাজধানীর বাইরে তাদের জন্য পুলিশের প্রহরা ও নিরাপত্তাব্যবস্থা থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসকর্ট সুবিধা বহাল রয়েছে এমন ছয় মন্ত্রী ও এক উপদেষ্টা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তবে কোন নিরাপত্তা মূল্যায়ন বা মানদণ্ডের ভিত্তিতে এই সাতজনকে এসকর্ট সুবিধার আওতায় রাখা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে একাধিক পুলিশ কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, প্রয়োজনের ভিত্তিতেই তাদের এই সুবিধা বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, মন্ত্রীদের চলাচলের সময় সামনে থাকা পুলিশি সুরক্ষার গাড়িকে এসকর্ট বা প্রটেকশন গাড়ি বলা হয়। ডিএমপির প্রটেকশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিটি গাড়িতে পাঁচ সদস্যের একটি পুলিশ দল থাকে। রাজধানীতে সংশ্লিষ্ট মন্ত্রীর প্রয়োজন ও চলাচলের সূচি অনুযায়ী দলটি তার গাড়ির সঙ্গে থাকে।

জানা গেছে, ১৮ মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে নিরাপত্তায় নিয়োজিত প্রায় ৯০ পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। আগে এ কাজে প্রায় ১২০ জন পুলিশ সদস্য যুক্ত থাকলেও এখন থাকছেন ৩০ থেকে ৩৫ জন। একই সঙ্গে এসকর্টের গাড়ির ব্যবহার ২৫টি থেকে কমে সাতটিতে নেমেছে। এ দায়িত্ব থেকে মুক্ত গাড়ি ও জনবল পুলিশের অন্য কাজে লাগানো হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সংশ্লিষ্ট সূত্রমতে, ১৮ জন মন্ত্রীর এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত একক কোনো কারণে নেওয়া হয়নি। জ্বালানি সাশ্রয়, পুলিশের যানবাহনের স্বল্পতা এবং প্রটোকলের বহর ছোট করার সরকারি অবস্থান মিলিয়েই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর নিজের প্রটোকল কমানোর সিদ্ধান্তও এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এই সিদ্ধান্ত যানজট কমাতেও ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বহরে আগে পুলিশের দুটি প্রটোকল গাড়ি থাকত। তিনি এখন সেই দুটি গাড়িও নিচ্ছেন না। প্রধানমন্ত্রীর মূল নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) থাকছে। পুলিশের পক্ষ থেকে শুধু মোটর শোভাযাত্রার পাইলট (মোটরসাইকেল নিয়ে বহরে থাকেন) রাখা হয়েছে। সামনে ও পেছনে মোটরসাইকেলে দুজন করে মোট চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি