ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৪ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রস্তাবটি বাস্তবায়িত হলে হজযাত্রীদের বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় হতে পারে। 

মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা জানায়, হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে তারা ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় যাত্রী পরিবহনে প্রস্তুত। পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি পেলে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদনও তারা সংগ্রহ করবে।

উল্লেখ্য, ২০২৬ সালে জনপ্রতি হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ইউএস-বাংলার প্রস্তাবটি হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় একটি ইতিবাচক দিক হিসেবে কাজ করবে। বিষয়টি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে। 

তিনি বলেন, সরকারের লক্ষ্য হজযাত্রীদের ব্যয় কমানো এবং বিমান ভাড়ায় প্রতিযোগিতা সৃষ্টি হলে সাধারণ মানুষই এর সুফল পাবেন।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ইউএস-বাংলার প্রস্তাবটি সংশ্লিষ্ট বৈঠকে আলোচনা করা হবে।

এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি