আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশিত : ২১:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী জনহিতকর ও মানবিক সহায়তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত এই বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়।
বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও কার্যকর সহযোগিতার কাঠামো তৈরি এবং বিশ্বব্যাপী মানবিক ও জনহিতকর কার্যক্রমের পরিধি সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।
দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিভিন্ন মানবিক সংকটের ক্ষেত্রে আন্তর্জাতিক দাতব্য ও সহায়তা সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রাতরাশ বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক ওই আয়োজনে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসবে।
এদিন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের উদ্যোগে বৈশ্বিক বৈষম্য মোকাবিলায় আয়োজিত একটি সভায় তিনি বক্তব্য দেবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটি তাঁর প্রথম ভাষণ হতে যাচ্ছে।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে মানবিক সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এমএইচ
আরও পড়ুন










