আরও কমল স্বর্ণের দাম, ভরি নামল ২ লাখের নিচে
প্রকাশিত : ০৮:৩৭, ২২ নভেম্বর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে ব্যবসায়ী সংগঠনটি। এতে করে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নামলো। যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে শনিবার রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
এর ফলে এক বছর পর তা আবারও দুইয়ের ঘরের নিচে নামলো স্বর্ণের দর। ২০২৫ সালের ২৯ অক্টোবর স্বর্ণের দাম দুই লাখের ঘর পেরিয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে শুক্রবার ২০ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
ফলে আট দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হলো ৩৪ হাজার ৬৯০ টাকা।
এএইচ
আরও পড়ুন










