ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

এইচএসসি পরীক্ষায় যারা এক অথবা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন তাদের আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে একই সময়ের মধ্যেই অনুষ্ঠেয় ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

গত শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। 

এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫  জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। 

এর প্রেক্ষিতে ফলাফল ঘোষণার দিনে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এরই ধারাবাহিকতায় এইচএসসিতে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পুনঃপরীক্ষা নেয়া হবে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি