ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদন দুপুর ১২টায় শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৮:২৪, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের কথা থাকলেও তা বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেননি। পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি